
ইভান নির্জন
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজিত এক সেমিনারে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় নাগরিক পরিসরের (পাবলিক স্ফিয়ার) সংকট নিয়ে আলোচনা হয়েছে। বক্তারা বলেছেন, যুক্তিনির্ভর মতবিনিময়ের ক্ষেত্র সংকুচিত হলে গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়ে পড়ে এবং ফ্যাসিবাদের উত্থানের ঝুঁকি তৈরি হয়।
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে মঙ্গলবার (৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জার্মান দার্শনিক ইয়ুর্গেন হাবারমাস-এর জীবন ও দর্শন নিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, “বিগত সময়ে দেশে পাবলিক পরিসর সংকুচিত হয়ে পড়ায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা সহজ হয়ে পড়ে। পর্যাপ্ত পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনার স্বৈরতন্ত্র বাস্তবায়িত হতো না।”
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা একটি সমাজব্যবস্থায় হঠাৎ পরিবর্তন এলে নতুন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এই পরিবর্তন বোঝার জন্য হাবারমাসের মতো দার্শনিকদের সমালোচনামূলক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বই পড়ার মাধ্যমেই বিশ্বখ্যাত চিন্তাবিদদের ধারণা সম্পর্কে জানা সম্ভব, যা শিক্ষার্থীদের বিশ্লেষণী সক্ষমতা বাড়ায়।
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক শেখ শারাফাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ ও সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা।
সেমিনারে বক্তারা হাবারমাসের ‘পাবলিক স্ফিয়ার’ তত্ত্বসহ তার সামাজিক ও রাজনৈতিক চিন্তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। প্রধান বক্তা বলেন, রাষ্ট্র ও ব্যক্তির মধ্যবর্তী নাগরিক পরিসরে যুক্তিনির্ভর সংলাপের সুযোগ কমে গেলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। একটি সুস্থ সমাজ গঠনে মুক্তচিন্তা, সংলাপ ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির বিকাশ অপরিহার্য।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সমকালীন সমাজ ও গণতন্ত্র বিষয়ে নতুনভাবে ভাবার সুযোগ পেয়েছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, বিংশ ও একবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী দার্শনিক হিসেবে পরিচিত ইয়ুর্গেন হাবারমাস সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তাঁর চিন্তাধারার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ ও স্মরণে এ সেমিনারের আয়োজন করা হয়।


