স্পোর্টস ডেস্ক
শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। কিন্তু শেষ পর্যন্ত বড় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামিকে। শনিবার মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মিয়ামি। ম্যাচে পেনাল্টি মিস করেছেন মেসি, দেখেছেন হলুদ কার্ড, আবার দলের একমাত্র গোলেও রেখেছেন অবদান।মেসির জন্য রাতটা ছিল খুবই হতাশার। টানা তৃতীয় ম্যাচে হার, টানা তৃতীয় পেনাল্টি মিস- সব মিলিয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে হারের বড় লজ্জার মুখোমুখি হতে হলো মিয়ামিকে। শনিবারের এই হারে মেজর লিগ সকারের শীর্ষস্থানও হাতছাড়া হয়েছে তাদের।
জিওডিস পার্কে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল উত্তেজনা। তবে প্রথমার্ধেই ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মিয়ামি। ২৩ মিনিটে পেনাল্টি পায় তারা। স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। কিন্তু তার দুর্বল শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াকে। ফিরতি বলে সার্জিও রেগিলন জালে বল পাঠালেও ভিডিও রিভিউয়ের পর সেটি বাতিল হয়, কারণ পেনাল্টির সময় তিনি আগেই বক্সে ঢুকে পড়েছিলেন।এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখালেন মেসি। ২০১৪ সালের পর এই প্রথম টানা তিনটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন তারকা। চলতি গ্রীষ্মের বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে এবং মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এবার টানা তৃতীয় পেনাল্টি মিস করলেন।


