ছাতক – সিলেট বন্যায় রেলপথ লন্ড- ভন্ড

নুর উদ্দিন, সুনামগঞ্জ :
বন্যায় সিলেট – ছাতক ১৩ কিলোমিটার রেলপথের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ স্থানে রেলপথের মাটি -পাথর সরে ঝুলে রয়েছে শ্লীপার। ছাতক থেকে গোবিন্দগঞ্জ আফজলাবাদ স্টেশন পর্যন্ত রেলপথের এমন অবস্থা।
মাটি – পাথর সরে গেছে, উপড়ে গেছে লাইনের শ্লীপার। অনেক জায়গায় শ্লীপারের নীচের কাঠ সরে গিয়ে বিশাল – বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এ ১৩ কিলোমিটার রেলপথ স্বাভাবিক হওয়া নিয়ে জনমনে শংকা দেখা দিয়েছে।
রেলপথ সম্পূর্ণ চালু অবস্থায় করোনা মহামারির সময়ে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সারাদেশে রেল যোগাযোগ চালু করা হলেও এ পথ চালু করা হয়নি। বর্তমানে কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণে এ রেলপথটি আজ ধংশ হয়ে যাচ্ছে।
১৯৫৪ সালে সিলেট রেলওয়ে স্টেশন হতে সুনামগঞ্জ জেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ৩৫ কি.মি. রেলপথ নির্মাণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে পাথর, বালি, চুনাপাথর, কমলালেবু, তেজপাতাসহ বিভিন্ন মালামাল আনা-নেয়ার জন্যই মুলত রেলপথটি নির্মিত হয়েছিল। ১৯৭৯ সালে রেলওয়ের পূর্বাঞ্চলের রাজস্ব আয়ে ছাতক বাজার স্টেশন শ্রেষ্ঠত্বের স্থান দখল করে নেয়।
শিল্প শহর ছাতক থেকে চুনা পাথর, সিমেন্ট, শ্লীপার, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে এ রেলপথে সড়ক পথের চেয়ে পরিবহণ খরচ কয়েক গুণ কম। সিলেট থেকে ছাতকে রেলপথের দুরত্ব ৩৫ কিলোমিটারের ভাড়া মাত্র ১০ টাকা। ট্রেনের ভাড়া ১০ টাকার বিপরীতে বাসের ভাড়া বর্তমানে ৬০ টাকা ও সিএনজি ভাড়া ৮০ থেকে ১০০টাকা।
সুনামগঞ্জ জেলার সরকারি বিভিন্ন  প্রকল্প ও সহায়তার চাল-গম ইত্যাদি এ রেলপথে পরিবহনেও অনেক সুবিধা। দেশের বিভিন্ন স্হান থেকে রেলপথে বিভিন্ন পণ্য সামগ্রী ছাতক নিয়ে এসে নৌপথে জেলার অন্যান্য উপজেলায় পৌছানো সহজ। এতে ট্রাক ভাড়ার চেয়ে প্রায় কয়েকগুন সরকারি অর্থ সাশ্রয় হতো। রেলপথটি লাভজনক হওয়ার কারণে পাথর পরিবহনের জন্য দেশের একমাত্র ছাতক- ভোলাগঞ্জ রজ্জুপথ স্থাপিত হয়। এখানে স্থাপিত হয়েছে একমাত্র সরকারি কংক্রিট শ্লীপার প্ল্যান্ট। দুটি প্রকল্প এখন বন্ধ রয়েছে।
ছাতকে রয়েছে রেলওয়ের ৩০০ একর মুল্যবান ভুমি ও অর্ধ শতাধিক স্থাপনা। সবই ঠিক – ঠাক শুধু মাত্র রেল চলাচল করছেনা। গুরুত্বপুর্ণ এই রেলপথটি দ্রুত সংস্কার করা না হলে শ্লীপার ও বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়ে যাবারও আশংকা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ রেলপথটি দ্রুত সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে টিকিট কাটতে ভোগান্তির শিকার হলে ব্যবস্থা: রেলমন্ত্রী
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে বন্যায় ৪৫ হাজার ঘরবাড়ির ক্ষতি