গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামের পেতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেয় বিক্ষুব্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়ার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেন তারা।

আজ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্যার পেতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। এস এম জিলানী, ডা. কে এম বাবর ও সেলিমুজ্জামান মোল্যা বিএনপি মনোনীত সংসদ সদস্য।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের মুকসুদপুর থানা ভাঙচুর – অগ্নিসংযোগ