গণভোটের রায় বাস্তবায়নে ধানাই পানাই মানবো না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নাই, কোনো ধানাই পানাই মানবো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমাদের অনেক লোভ দেখানো হয়েছে- সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জনগণের সঙ্গে আমরা বেইমানি করবো না। জনগণের রায়কে অপমান করবো না। আর যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে। জনগণ ধিক্কার দেবে, সেই ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেবো না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি শাখা ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন চায় না, নির্বাচন কমিশন চায় না। আগের ফ্যাসিবাদী আলোকে সবকিছু রাখতে চায়। এজন্য তারা গণভোটের গণরায় মানতে চায় না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি- এ রায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।

গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং জনগণ সরকারকে ধিক্কার দেবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না। এ দায়িত্ব আমরা (বিরোধীদল) নেবো না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম।

তিনি আরও বলেন, জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে, আল্লাহর মেহেরবানিতে তা অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা সংসদে ও রাজপথে লড়াই করবো। দাবি সংসদে আদায় হলে আলহামদুলিল্লাহ, না হলে রাজপথে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার এখন স্বৈরশাসকের ভাষায় বিভিন্ন কথা বলছে। তাদের চেলাচামুন্ডারা ও বটবাহিনী মানুষের ইজ্জত নিয়ে খেলে। আবার সেই ফ্যাসিবাদ!

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হতে দেওয়া হবে না। গণরুম, গেস্টরুমের কবর হয়ে গেছে চব্বিশে- সেটা আর ফিরে আসবে না। এখন কেউ ফিরিয়ে আনতে চাইলে তাদেরই ফিরিয়ে দেওয়া হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে আর এটা হবে না।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতায় এলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধজাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি