একটি দল একাত্তরে বিরোধিতা করেছিল, এখন দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে, এখন আর কোনো বাধা মানা হবে না— এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ তুলে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে সরকার দেখছে, কিছু রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যেভাবে তারা স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিল, আজও তাদের আমরা একই ধরনের কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে হবে।

এর জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ। রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যেমন নিরুৎসাহিত হবেন, তেমনই নতুন কর্মসংস্থানের সুযোগও কমে যাবে।

তিনি বলেন, চট্টগ্রামের মানুষ ব্যবসা-বাণিজ্যের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত। এ অঞ্চলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পকারখানা ও বিনিয়োগ রয়েছে। তাই শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব চট্টগ্রামের মানুষ অন্যদের চেয়ে ভালো বোঝেন।

শান্তিপূর্ণ পরিবেশ থাকলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারবেন। নতুন বিনিয়োগ আসবে, শিল্পকারখানা গড়ে উঠবে। সেখানে দেশের সন্তানদের কর্মসংস্থান হবে, নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মানুষের আয় বাড়বে, পরিবর্তন আসবে ভাগ্যের।’

পূর্ববর্তী নিবন্ধ৪২ শীর্ষ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে মাঠে নামছে ৮ আন্তর্জাতিক সংস্থা
পরবর্তী নিবন্ধসৌদিতে সোফা কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু