আরেকটি বিশ্বকাপ দিয়ে উইন্ডিজ দলে ফিরলেন লুইস, নেই আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এভিন লুইস ও আন্দ্রে রাসেল। ফিটনেসের মানদণ্ডে পিছিয়ে থাকায় এতদিন জাতীয় দলে ডাক পড়েনি তাদের। অবশেষে আরেকটি বিশ্বকাপ দিয়ে দলে ফিরলেন দুজনের একজন।

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে ফেরানো হয়েছে লুইসকে। জায়গা হয়নি অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। গত কয়েক মাস ধরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস ও ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস খেলোয়াড়দের নিয়ে, বিশেষ করে লুইসের সমালোচনা করছিলেন। কারণ তিনি ফিটনেসের মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হচ্ছিলেন। সেই বাঁহাতি ওপেনারকে এখন দলে স্বাগত জানালেন হেইনেস।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন লুইস, তা নয়। পাঁচ ইনিংসে সর্বোচ্চ রান ২৪। তার মতো রাসেলও গত বিশ্বকাপ খেলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত চার ইনিংসে তার সর্বোচ্চ রান ১৭।

রাসেলকে নিয়ে হেইনেস বলেছেন, ‘চলতি বছরের শুরুতে রাসেলের সঙ্গে আমরা দেখা করেছিলাম। আমরা এখনও খুশি হতে পারছি না। প্রতিযোগিতায় যেভাবে দেখতে চাই, সেভাবে পারফর্ম করতে পারছে না সে। আমি মনে করি আন্দ্রে রাসেল যে অবস্থায় আছে, তাকে ছাড়াই আমরা এগোতে চাই। এমন কাউকে খুঁজছি যে ফর্মে আছে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো করছে।’

পারিবারিক কারণে বিরতি নেওয়া ফ্যাবিয়ান অ্যালেন সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, তিনি আবারও জাতীয় দলে খেলার জন্য ফাঁকা আছেন। কিন্তু তাকেও রাখা হয়নি দলে। হেইনেস বলেছেন, শুধুমাত্র একজন বাঁহাতি স্পিনার আকিল হোসেন থাকায় জায়গা হলো না অ্যালেনের।

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সি শেষবার পরা সুনীল নারিনকেও দলে ডাকা হয়নি। এই স্পিনারের কাছ থেকে খেলার ব্যাপারে কোনও সাড়া পাননি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন হেইনেস।

নিউ জিল্যান্ডের বিপক্ষে গত মাসের ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া লেগ স্পিন বোলিং অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহর অন্তর্ভুক্তি চমক জাগিয়েছে। এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। সব মিলিয়ে মাত্র চারটি ২০ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা কারিয়াহর, শেষটি খেলেন ২০১৬ সালের সিপিএলে। এই মৌসুমে তার সঙ্গে কেউ চুক্তি করেনি।

এই দলে আরেক আনক্যাপড টি-টোয়েন্টি খেলোয়াড় বাঁহাতি সিম বোলিং অলরাউন্ডার রেমন রেইফার। তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলার পর বিশ্বকাপ দলে জায়গা পেলেন চলতি সিপিএলে দারুণ ব্যাটিং দেখিয়ে। চার ইনিংসে ৫৭ গড়া ও ১৪৩ স্ট্রাইক রেটে ১৭১ রান জ্যামাইকা তাল্লাওয়াসের এই ব্যাটসম্যানের।

সিপিএলে আগুন ফর্মের কারণে আরেক ব্যাটসম্যান ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে। ২০১৬ সালের ডিসেম্বরে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা জনসন চার্লস এই সিপিএলে ৬ ইনিংসে ৪৫.৪০ গড় ও ১৩৬.৭৪ স্ট্রাইক রেটে ২২৭ রান করে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, রভম্যান পাওয়েল (সহঅধিনায়ক), জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ইয়ানিক কারিয়াহ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়, জনসন চার্লস, আলজারি জোসেফ, রেমন রেইফার, শেল্ডন কট্রেল, ব্র্যান্ডন কিং ও ওডিন স্মিথ।

 

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধমেসির রেকর্ডের রাতে ম্যাকাবি খাইফাকে উড়িয়ে দিল পিএসজি