২৩ বছরে দুর্যোগে ক্ষতি হয়েছে ১৩৬১ কোটি ডলার মারা গেছে ১১ হাজার ৫৬৪ জন মানুষ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩ বছরে ১৩৪টি বড় ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৫৬৪ জন মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার মানুষ। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৬৭ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

এসব দুর্যোগের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল ঘূর্ণিঝড়। আর সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন নদীভাঙন ও নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায়। সামগ্রিকভাবে বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণও ছিল সর্বোচ্চ।

সোমবার (১৬ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২৩ বছরে বাংলাদেশে ৩১টি ঘূর্ণিঝড়ের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৯৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ২১ হাজার ৩৬ জন। ঘূর্ণিঝড়ে আর্থিক ক্ষতির পরিমাণ ৬০৯ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ডলার।অন্যদিকে, নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায় প্রাণহানির সংখ্যা ২ হাজার ৫৯৩। এ ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৬০৫ জন, যা সব ধরনের দুর্যোগের মধ্যে সর্বোচ্চ। এতে আর্থিক ক্ষতি হয়েছে ৪১৫ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ডলার।সাধারণ বন্যায় ৭১২ জনের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৩১ হাজার ১৫ জন। এ ধরনের বন্যায় আর্থিক ক্ষতি হয়েছে ১৭১ কোটি ৭ লাখ ডলার। আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৭ লাখ ৩৪ হাজার ১৯৭ জন।

আর্থিক ক্ষতির পরিমাণ ৮৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ডলার।তথ্য অনুযায়ী, সব ধরনের বন্যা মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬৭১ কোটি ২৯ লাখ ডলার। অর্থাৎ বন্যায় ক্ষতির পরিমাণ ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি।এছাড়া বজ্রপাতে ৮টি ঘটনায় ২০৬ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬০ হাজার মানুষ।

আর্থিক ক্ষতির পরিমাণ ৪৯ লাখ ৩৯ হাজার ডলার। সাধারণ ঝড়ে ১৮টি ঘটনায় ৫০৫ জনের মৃত্যু এবং ২ লাখ ১৪ হাজার ১৭৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তীব্র আবহাওয়াজনিত তিনটি ঘটনায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। টর্নেডোর আটটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৩ জন।

এ সময়ে চরম তাপমাত্রাজনিত ১৪টি ঘটনায় ১ হাজার ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার মানুষ। ভূমিকম্পের পাঁচটি ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ৩ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিকম্পে আর্থিক ক্ষতি হয়েছে ৭৭ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ডলার। এছাড়া ভূমিধস ও কাদাধসে ছয়টি ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৩০ জন।যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা সহ-সভাপতি মাসুদ মিয়া ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএ’র পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ