আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। একই দিন ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে নতুন এ ঘটনা ঘটল।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বুধবারের (১৮ নভেম্বর) বিস্ফোরণের আগে সাধারণত আকাশপথে হামলার আশঙ্কা থাকলে মোবাইল ফোনে যে সতর্কবার্তা পাঠানো হয়, তা দেওয়া হয়নি।
রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কের।
এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের সময় তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎও চলে যায়।
বিস্ফোরণের সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে।
গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই হামলায় ১৪ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। হামলার পর দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।


