মাসুদ মিয়াঃ

রাষ্ট্রায়ত্ত্ব মালিকানাধীন সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি অতীতের সকল রেকর্ড ভেঙে ২০২৫ সালের শেষে ৮ হাজার কোটি টাকা মুনাফা ছাড়িয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোঃ শওকত আলী খান।
সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং ব্যবস্থার অস্থিরতার মধ্যে রাষ্ট্রয়ত্ব সোনালী ব্যাংকের এই রেকর্ড মুনাফা অর্জন গোটা ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক সংবাদ।
এ প্রতিবেদককে সোনালীর এমডি বলেন, সোনালী ব্যাংক সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আগামীতে মূলধন ঘাটতি থাকবে না, কমিশন ঘাটতি থাকবে না। ২০২৪ সাল শেষে ব্যাংকটি পরিচালন মুনাফা লাভ করে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। যা বিগত বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিলো ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। এ বছর অতীতের সকল রেকর্ড ভেঙ্গে অনন্য উচ্চতায় পৌছবে সোনালী ব্যাংকের মুনাফা।
রেকর্ড মুনাফার পাশাপাশি ২০২৫ সালে ১১ ডিসেম্বর পর্যন্ত আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৩ হাজার ৩৭০ কোটি টাকা হয়েছে যা গত বছরের চেয়ে ৯ হাজার কোটি টাকা বেশি।
এমডি শওকত আলী খান আরও বলেন, ‘সংকটের মধ্যেও খেলাপি ঋণ আদায় বেড়েছে। বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আমরা খেলাপি ঋণ কমাতে কাজ করছি। উৎপাদনশীল খাতে ঋণ দিতে আমরা এসএমই ঋণে জোর দিয়েছি।
দেশের ব্যাংকিং জগতের পরিচিত মুখ বর্তমানে সর্ববৃহৎ বানিজ্যিক ব্যাংকটির এমডি শওকত খান তার ব্যাংকের ডিজিটিালাইজেশন সম্পর্কে বলেন, বিশ্বে পেপারলেস ব্যাংকিং একটি জনপ্রিয় ধারণা। বাংলাদেশও এত পিছিয়ে নেই। বর্তমানে সব মানুষই স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহার করছে।
এদিকে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান ২০২৪ সালে ২১ অক্টোবর নিয়োগ পান। সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে কর্মরত ছিলেন। কৃষি ব্যাংকের আগে মো. শওকত আলী খান রূপালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৮ সালে বিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে অভিজ্ঞ এই ব্যাংকার রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের এইচআর, শিল্প ঋণ, এসএমই, আইটি, ট্রেজারি, সংস্থাপন, আইন, কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং আন্তর্জাতিক বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
এছাড়াও তিনি রূপালী ব্যাংকের প্রধান রিস্ক অফিসার, ক্যামেলকো ও ক্রীড়া পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন। শওকত আলী খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ নীতিমালা প্রণয়ণের জন্য তাকে ‘ওয়ার্কিং কমিটির’র সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয় পুরস্কৃত করেছে। মো. শওকত আলী খান ব্যাংকিং বিষয়ে দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি টাঙ্গাইলের সখিপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


