আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থগিত হওয়া কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
জয়সওয়াল আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব দুই পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে বিদ্যমান কাঠামোগুলোর আওতায় আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পরিকল্পনা নিয়ে বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গও উঠে আসে ব্রিফিংয়ে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি জয়সওয়াল। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে পৃথক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে।


