সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

দেশের সমুদ্রসীমায় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর আওতায় অনুসন্ধানসংক্রান্ত ডেটা বা তথ্য প্যাকেজের দাম ব্যাপকভাবে কমানো হয়েছে।

পাশাপাশি চার মাস বাড়ানো হয়েছে দরপত্র জমা দেওয়ার সময়সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছয়টি ডেটা প্যাকেজের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। এছাড়া বিনামূল্যে পাওয়া যাবে চারটি প্যাকেজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পেট্রোবাংলার প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২০২৬ সালের ৩০ নভেম্বর দুপুর ১টা। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে।

কয়েক লাখ ডলার থেকে নামলো ৫ হাজারে
পেট্রোবাংলার সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, আগে যেসব ডেটা প্যাকেজের দাম ছিল কয়েক লাখ ডলার, সেগুলোর মূল্য কমিয়ে সম্পূর্ণ প্যাকেজের জন্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ডলার।

এর মধ্যে রয়েছে ব্লক এসএস-১১ এর দ্বিমাত্রিক (২ডি) ও ত্রিমাত্রিক (৩ডি) সিসমিক ডেটা, ডিএস-১০ ও ডিএস-১১ ব্লকের ২ডি সিসমিক ডেটা, ডিএস-১১ ও ডিএস-৭ ব্লকের অংশবিশেষের ডেটা এবং ডিএস-১২, এসএস-০৪ ও এসএস-০৯ ব্লকের সিসমিক ডেটা।

আগে এসব প্যাকেজের দাম ছিল এক লাখ ৫২ হাজার ৫০০ ডলার থেকে ৫ লাখ ৮ হাজার ডলার পর্যন্ত। নতুন দরে প্রতিটি প্যাকেজের দাম দাঁড়িয়েছে মাত্র ৫ হাজার ডলার। ফলে প্যাকেজভেদে দাম কমেছে ৯৭ শতাংশ থেকে ৯৯ শতাংশের বেশি।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি