সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর আশ্বাস পেয়ে জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে এক মাস সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছেন।

বুধবার জাতীয়করণের দাবিতে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন শিক্ষকরা। দুপুর ২টার পর পর তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। এক পর্যায়ে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা ।

এরপর শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারে সঙ্গে দেখা করেন।

পরে বিকাল পৌনে চারটার দিকে সচিবালয় থেকে বের হয়ে কর্মবিরতির এ কর্মসূচি ঘোষণা করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সেপ্টেম্বরের ১৪ তারিখ সারা বাংলাদেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান অর্ধদিবস কর্মবিরতি এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”

তারপরও যদি দাবি মানা না হয়, তাহলে আরো এক মাস অপেক্ষা করে ১২অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আজিজী।

তিনি বলেন, “আমরা প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০ শতাং বাড়ি ভাড়া বাড়ি বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে।

“মন্ত্রণালয় চিকিৎসাভাতা আমাদের ৫০০ থেকে ১০০০ করা হবে আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়ছি।”

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব আজিজী বলেন, যদি তাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয় ডিউ লেটার পাঠানো না হয় তাহলে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছিল।

তখন প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের। তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা তাদের বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

জোটের সদস্য সচিব আজিজী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি। ২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আমাদের আশ্বাস দিয়েছেন। তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি।

“”কালকের সমাবেশে সারাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী ঢাকায় আসবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা একযোগে দাবি তুলে ধরব এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করব। এটা শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আমরা চাই সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দিক।”

পূর্ববর্তী নিবন্ধকুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসী নিহত
পরবর্তী নিবন্ধদেশের পথে প্রধান উপদেষ্টা