শনিবার ঢাকায় আসছেন সার্ক মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব এসালা রোয়ান উয়েরাকুন আগামী শনিবার (৪ জুন) পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন।

সূত্র জানায়, সার্কের মহাসচিব ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরে থাকায় সার্ক মহাসচিবের সঙ্গে বৈঠকের সম্ভাবনা কম।
প্রায় ৮ বছর পর সার্কের কোনো মহাসচিব ঢাকায় আসছেন। এসালা রোয়ান উয়েরাকুনের অনেক আগেই ঢাকায় আসার কথা ছিল, তবে করোনা মহামারির ফলে তার ঢাকা সফর বিলম্বিত হয়।

সার্ক মহাসচিবের ঢাকা সফরকালে সংস্থাটির সঙ্গে বাংলাদেশ আরো কীভাবে গভীরভাবে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারে আলোচনা হবে।

কাঠমান্ডু থেকে ঢাকায় আসছেন সার্ক মহাসচিব। শ্রীলঙ্কার কূটনীতিক এসালা রোয়ান উয়েরাকুন ২০২০ সালে সার্ক মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আমজাদ হোসেন দায়িত্ব পালনকালে ঢাকা সফরে আসেননি। তার আগে ২০১৪ সালে সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ঢাকা সফর করেন।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ-প্রযুক্তি হস্তান্তরের আহ্বান মোমেনের
পরবর্তী নিবন্ধজিংগেলে কণ্ঠ দিলেন বাবু ও সালমা