নিজস্ব প্রতিবেদক

জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষিখাতের অবদান বিবেচনায় কৃষকদের মাঝে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
রবিবার (১৫ নভেম্বর) কৃষকদের মাঝে ঋণ বিতরণ ও কৃষিঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।
কৃষি ও পল্লী ঋণ বিতরণ মাস উপলক্ষে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ, দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৭ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ, গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৪ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ এবং ডাল, তৈলবীজ ও মসলা জাতীয় ফসল উৎপাদনে ৪ শতাংশ সুদে কৃষিঋণের পুনঃঅর্থায়ন ও সুদ ভর্তুকি স্কিমের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. মইন উদ্দিন মাসুদ ও আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপক আব্দুল বারাকাতসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


