যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনটি অবতরণের সময় রানওয়ে পেরিয়ে বিমানবন্দরের পাশের সড়কের দিকে চলে যায় এবং কয়েকটি গাড়িতে আঘাত করে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বোয়িং ৭৬৭-৩০০ প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মিয়ামিতে যাচ্ছিল।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্লেনে আগুন ধরে যায়। মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ জানিয়েছে, প্লেনটি ‘একাধিক যানবাহনে’ আঘাত করেছে।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ৬০টির বেশি ফায়ার-রেসকিউ ইউনিট কাজ করেছে। ফায়ার রেসকিউ প্রধান রে জাদাল্লাহ জানান, দুর্ঘটনার পর কয়েকজন মানুষ গাড়ির ভেতরে আটকা পড়েন। প্লেনের পাইলট ও কো-পাইলটও ভেতরে আটকা ছিলেন।


