আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম।উদ্বোধন শেষে প্রধান অতিথি খান্দারপাড়া ইউনিয়ন ও মোচনা ইউনিয়ন দলের মধ্যকার উদ্বোধনী ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে ক্রীড়াচর্চা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
দর্শকদের উপস্থিতিতে মিনি স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


