মিরপুরে পুলিশ-সাজোয়া যান-জলকামান মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সাজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে নামেননি পোশাকশ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিকেল পর্যন্ত প্রধান সড়কে শ্রমিকদের কোনো বিক্ষোভ করতে দেখা যায়নি।দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) সদস্য মোতায়েন রয়েছেন।

সেখানে সাজোয়া যান ও জলকামানের একটি গাড়িও রাখা হয়েছে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাজোয়া যানসহ পুলিশের অবস্থান দেখা যায়। মিরপুর-১২ নম্বর এলাকাতেও সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।এদিকে, সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

মিছিল থেকে তারা ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।এ ছাড়া মূল সড়কের ফুটপাতের ওপর টেবিল বসিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে। পল্লবী, মিরপুর-১ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনেও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।

সকালে বিভিন্ন গলিতে পোশাক শ্রমিকদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা গেলেও মূল সড়কে আন্দোলনকারীদের কোনো জমায়েত দেখা যায়নি। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শ্রমিকেরা সড়কে নামেননি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার আন্দোলন ঘিরে মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর মো. মহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে