মাগুরায় শিল্পায়নের নতুন সম্ভাবনা, শত শত উদ্যোক্তা তৈরির উদ্যোগ ঢাকাস্থ মাগুরা ফোরামের

নিজস্ব প্রতিবেদক,

মাগুরাকে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতে ঢাকায় বসবাসরত মাগুরাবাসীদের নিয়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)। জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬।

শনিবার (২২ আগস্ট ২০২৬) রাজধানীর মিরপুরের কাজীপাড়া কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় ঢাকা ও আশপাশের জেলায় বসবাসরত মাগুরার শতাধিক উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তি অংশ নেন।কর্মশালায় মাগুরা জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগের সুযোগ তৈরি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে মাগুরায় কীভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং স্থানীয় পর্যায়ে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ওবায়দুর রহমান।

তিনি বলেন, **“আমরা সবাই সম্মিলিত ভাবে উদ্যোগ গ্রহণ করলে মাগুরার মানুষের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।”**কর্মশালায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সাবেক ডিএমডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সহ-সভাপতি আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া।

স্পেশাল গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোখলেছ উর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো. আলী আফজাল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান রাজু।আয়োজকরা জানান, শুধু প্রশিক্ষণ আয়োজনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না।

ঢাকা ও মাগুরায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাগুরায় শত শত নতুন উদ্যোক্তা তৈরি করাই তাদের লক্ষ্য। উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জেলার অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের মতে, মাগুরার মানুষের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও সক্ষমতা রয়েছে। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ এবং সম্মিলিত উদ্যোগ। এ ক্ষেত্রে ঢাকায় বসবাসরত মাগুরাবাসীদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে জেলার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঢাকায় আয়োজিত এ কর্মশালার ধারাবাহিকতায় শিগগিরই মাগুরা জেলায় বসবাসরতদের নিয়েও একই ধরনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

তাদের প্রত্যাশা, ধারাবাহিক এই উদ্যোগের মাধ্যমে মাগুরায় নতুন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। এর মধ্য দিয়ে মাগুরাকে একটি আরও উন্নত, সমৃদ্ধ ও শিল্পবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার পথ তৈরি হবে।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
পরবর্তী নিবন্ধছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আনু, সম্পাদক জয়নাল