মহৎ উদ্দেশ্যের লড়াইয়ে বার্সা-ম্যানসিটির ড্র

স্পোর্টস ডেস্ক : ন্যু ক্যাম্পে আবারও ফিরলেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। সাবেক গুরুর দেখা পেয়ে দারুণ সময় কাটলো বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজের। মহৎ একটি উদ্দেশ্যে স্প্যানিশ জায়ান্টরা মুখোমুখি হয়েছিল ম্যানসিটির, যে ম্যাচে গোল পাল্টা গোলে শেষ পর্যন্ত ড্র হয়েছে ৩-৩ এ।

এই ম্যাচটি ছিল স্নায়ুরোগ অ্যামিওট্রোফিক লেটারেল স্কেলেরোসিস (এএলএস) গবেষণায় তহবিল সংগ্রহের, যে রোগে ২০২০ সালে আক্রান্ত হন বার্সার সাবেক গোলকিপার ও কোচ হুয়ান কার্লোস উনজু।

২১তম মিনিটে জুলিয়ান আলভারেজ করেন ম্যানসিটির প্রথম গোল। দুই অর্ধে দুটি গোল করে বার্সাকে এগিয়ে দেন পিয়েরে এমেরিক অবেমেয়াং ও ফ্রেঙ্কি ডি ইয়ং।

কোল পালমার সিটিকে সমতায় ফেরানোর পর স্বাগতিক বার্সার জয়ের আশা জাগায় তৃতীয় গোল। আগামী সপ্তাহে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে নতুন ক্লাব খুঁজে নিতে বলা মেম্ফিস ডিপে খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে গোল করেন।

কিন্তু গল্প ঘুরে যায় ইনজুরি টাইমে। দুর্ঘটনাবশত আর্লিং হাল্যান্ড বার্সার বক্সে পড়ে যান, বাজে বিতর্কিত পেনাল্টির বাঁশি। রিয়াদ মাহরেজ করেন সমতা ফেরানো গোল।

 

পূর্ববর্তী নিবন্ধআমিরাতকে হারিয়ে ভারত-পাকিস্তানের গ্রুপে হংকং
পরবর্তী নিবন্ধ‘আই অ্যাম সিঙ্গেল’ ১৫ দিনে কোটি ভিউ