বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় নদী সাঁতরে পার হতে গিয়ে মেঘনা নদীর মাঝখানে নিখোঁজ রয়েছেন আলমগীর দেওয়ান নামে আরও একজন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেলিম গুরুতর আহত হন।

তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

এদিকে সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হতে গিয়ে মেঘনার মাঝনদীতে নিখোঁজ হন আলমগীর দেওয়ান। তার সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় দুপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ
পরবর্তী নিবন্ধপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী