বাংলামোটরে গুলি ছোড়ার অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা এবং পরে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ (৪৫) নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রাত ৮টা ১০ মিনিটের দিকে সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার পর স্থানীয়রা সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

আহত সোহাগের অভিযোগ, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু