নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।


