প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশের প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক শিল্পের অন্যতম প্রধান দুটি কাঁচামাল পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) ও পিইটি (পলিইথিলিন টেরেফথালেট) রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। তবে এ খাতের কাঁচামালের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে আবারও ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।

পরে বাজেটের ওপর সমাপনী বক্তব্যে প্লাস্টিক খাতের ওপর আমদানি শুল্ক কমানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেট ২০২৬-২৭ / দ্বিগুণ শুল্কের প্রস্তাবে বড় বিপদের মুখে প্লাস্টিক খাত
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়া পিভিসি এবং পিইটি রেজিনের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। এটিকে ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোর প্রস্তাব জানাচ্ছি।

পিভিসি ও পিইটি রেজিনের ব্যবহার

দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনে বহুল ব্যবহৃত কাঁচামাল পিভিসি ও পিইটি রেজিন। এগুলো দিয়ে তৈরি হয় পিভিসি পাইপ, ফিটিংস, পানির ট্যাংক, দরজা-জানালা, ফ্লোরিং সামগ্রী, বৈদ্যুতিক তার ও ক্যাবলের ইনসুলেশন, কৃত্রিম চামড়া, জুতার সোল, খাদ্য ও পানীয় বোতল, ওষুধ ও ভোক্তাপণ্যের প্যাকেজিংসহ অসংখ্য শিল্পপণ্য।

ফলে এসব কাঁচামালের ওপর আমদানি শুল্ক বাড়ানো হলে এর প্রভাব শুধু প্লাস্টিক শিল্পেই সীমাবদ্ধ থাকবে না। নির্মাণ, প্যাকেজিং, বিদ্যুৎ, ইলেকট্রনিকস পণ্য, স্বাস্থ্যসেবা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, পোশাক ও অটোমোবাইল খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। এমন শঙ্কা থেকে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
পরবর্তী নিবন্ধচাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী