নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে ৫টি রিভারাইন প্যাট্রল ভেসেল সরবরাহের নিলামের আয়োজন করেছিল কোস্ট গার্ড। অভিযোগ রয়েছে, ওই সময় থেকেই কাজটি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. (ডিইডব্লিউএল) এবং কর্ণফুলী শিপ বিল্ডার্স লি.কে দেওয়ার জন্য নিলামের আয়োজন সাজানো হয়েছিল।
তবে জুলাই আন্দোলনের পর সেই ভেসেল সরবরাহের নিলাম আটকে যায়।
অন্তবর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোস্ট গার্ডের জন্য ভেসেল সরবরাহের প্রস্তাবটি দুইবার উপস্থাপন করা হলেও তা অনুমোদন পায়নি।
অবশেষে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।
বুধবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
সভা সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ কোস্ট গার্ড-এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য ৫টি আরপিভি নির্মাণের লক্ষ্যে এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. (ডিইডব্লিউএল) এবং কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন পায়।
এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, দুই বছর আগে থেকেই এই ভেসেল সরবরাহ করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করে আসছিল আলোচিত প্রতিষ্ঠান দুটি। তখনও টেন্ডার আহ্বান করা হয়। ২০২৪ সালের ২ জুন এই প্রকল্পের নিলামের নোটিশ দেওয়া হয়। তবে ওই বছরে ৯ জুলাই টেন্ডারে কিছু সংশোধনী আনা হয়। তাতে বলা হয়, নিলামের ক্লোজিং সময় ও তারিখ এবং ওপেনিং সময় ও তারিখ পরিবর্তন করে ১৫ জুলাই ২০২৪ এর পরিবর্তে ১৪ আগস্ট ২০২৪ করা হয়।
তবে ৫ আগস্টে সরকার পতনের পর ওই নিলাম আর অনুষ্ঠিত হয়নি। এরপর প্রথম দরপত্র আহ্বান করা হয় ২০২৫ সালের ৩ মার্চ।সেখানে দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। ডিইডব্লিউএল-কেএসবিএল জেভি ও খুলনা শিপইয়ার্ড।
কিন্তু ওই প্রতিষ্ঠান দুটির কোনোটিকেই কাজ দেওয়া হয়নি।
জানা গেছে, দরপত্রের প্রস্তাবটি ২০২৫ সালের ৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানো হয় এবং প্রস্তাবের ওপর ওই বছরের ১৩ মে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) সভায় ডাব্লিউডি-১ প্যাকেজের আওতায় প্রকল্পের ডিপিপি সংশোধন করে পিপিআর, ২০০৮ এর বিধি ১১ অনুযায়ী নতুনভাবে ক্রয় কার্য পুনঃপ্রক্রিয়াকরণ করার সুপারিশ করে।
২০২৫ সালের ১০ জুলাই আবার দরপত্র আহ্বান করা হয়। সেখানেও ওই দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।
সুপারিশকৃত দর প্রস্তাব এসিসিজিপিতে পাঠানোর জন্য সার-সংক্ষেপসহ নথিতে উপস্থাপন করা হলে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসিসিজিপি সভার সিদ্ধান্ত অতি দ্রুত বাস্তবায়ন করার এবং প্রতিযোগিতার পথ উন্মুক্ত করার জন্য নিলামের শর্তগুলো সংশোধন করে পুনরায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার জন্য কোস্ট গার্ড অধিদপ্তরকে অনুরোধ করে ২৯ সেপ্টেম্বর একটি পত্র দেয়।


