নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।
নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দু’টি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পদ সৃজন করা হয়েছে।


