নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে কাজ করছেন মোবারক হোসেন মিন্টু

মাহদি হাসান, নকলা (শেরপুর)

শেরপুরের নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নিজ উদ্যোগ ও নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চলাচল অনুপযোগী ভাঙা রাস্তা বালু দিয়ে ভরাট করে সংস্কারের কাজ করছেন।

ইতোমধ্যে দুধের চর, বারারচর, পাঠাকাটা ও পিপড়ি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ভাঙা অংশে বালু ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়কের বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়দের ভাষ্য, রাস্তা সংস্কারের ফলে এখন শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে।

পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসায়িক কার্যক্রম এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলও আগের তুলনায় অনেক সহজ হয়েছে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বলেন, জনগণের দুর্ভোগ দেখে নিজের সামর্থ্য অনুযায়ী ভাঙা রাস্তার অংশগুলো বালু দিয়ে ভরাট করার উদ্যোগ নিয়েছি। মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

স্থানীয়দের আশা, এমন জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

পূর্ববর্তী নিবন্ধ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
পরবর্তী নিবন্ধশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা