তৃতীয় দফায় ৭,৬৪১ পলিসিধারীকে ২৬ কোটি ৩৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

আজ ১ অক্টোবর, খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীকে ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে এ বীমা দাবি পরিশোধ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পরিচালিত চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃতীয় দফায় ছয়টি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের দাবি পরিশোধ করা হবে। এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪ জন গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৮১ জনকে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ হাজার ৩৪৮ জনকে ৯ কোটি টাকা দেওয়া হবে।

এ ছাড়া প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ হাজার ১৪০ জন গ্রাহককে ৬ কোটি ৭৮ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬৫ জনকে ৩০ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৫৭৩ জনকে ৫ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করা হবে।

এর আগে আইডিআরএর উদ্যোগে দুই দফায় ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর অনুকূলে মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে। প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হয়।

তৃতীয় দফার কার্যক্রম সম্পন্ন হলে তিন দফায় আইডিআরএর উদ্যোগে মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর অনুকূলে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।

আইডিআরএর মতে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধের এই ধারাবাহিক উদ্যোগ দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী