তালাকের সঙ্গে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

নিউজ ডেস্ক:

অভিমানে, কষ্টে আত্মহত্যার পথ বেছে নেয় জয়শ্রী জামানের দুই সন্তান, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ১৮ বছর বয়সী চিরশ্রী জামান ওরফে মুনমুন এবং ১৫ বছরের মোহাম্মদ বিন আলীম। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। জয়শ্রী ও আলীমুলের বিবাহ বিচ্ছেদে তাদের দুই সন্তানের একসঙ্গে আত্মহত্যার ঘটনাটি, বাবা-মায়ের বন্ধন অটুট না থাকলে যে ভয়াবহ পরিণতি হতে পারে, সেই নির্মমতার বহিঃপ্রকাশ বটে।

গত বছর ৩০ ডিসেম্বরের ঘটনা। রাজধানীর গুলশানের নিকেতনে স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের চিঠি পেয়ে রাগে-ক্ষোভে কাচের বোতল ভেঙে পেটে ঢুকিয়ে মাহিমা খানাম মুলান নামে ২৩ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেন।

মুলানের স্বামী জুবায়ের হোসেন জানান, ২০২২ সালের ২ মে তাদের বিয়ে হয়। প্রথম দুই থেকে তিন মাস ভালোই চলছিল তাদের সংসার। তবে মুলান খারাপ ব্যবহার করতে থাকলে ২৬ ডিসেম্বর তাকে তালাক দেন জুবায়ের। এরপর থেকে তিনি বাড়ির বাইরে থাকতেন। ৩০ ডিসেম্বর নিকেতনে তার অফিসে এসে মুলান ঝগড়া শুরু করেন। একপর্যায়ে ফ্রিজ থেকে বের করে কাচের বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মুলানকে মৃত ঘোষণা করেন।

দুই শিক্ষার্থী চিরশ্রী ও আলীম কিংবা গৃহবধূ মুলানই শুধু নয় দেশে এমন আত্মহত্যার সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে একদিকে, যেমন বেড়েছে তালাকের সংখ্যা অন্যদিকে, বেড়েছে আত্মহত্যার সংখ্যাও। মা-বাবার তালাকের কারণে সন্তান প্রায় সময় হতাশাগ্রস্ত থাকে। অনেক সময় স্কুল-কলেজে মা-বাবার ডিভোর্সের জন্য বন্ধুরা হাস্যকরভাবে টিজ করে। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী মানসিকভাবে নিতে প্রস্তুত নয় এমন আচরণ। যে কারণে শিশু-কিশোরদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিয়ে, পরিবার, সন্তানপালন, অর্থনৈতিক ও সামাজিক চাপ, দায়-দায়িত্ব, টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা, বিয়ের পর অন্য নারীতে বা পুরুষে আসক্ত হওয়া বিষয়গুলো দিন দিন বাড়ছে। এসব জটিলতাকে কেন্দ্র করে বাড়ছে অসুখী দাম্পত্য জীবন। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও তিক্ত হচ্ছে, কিন্তু এরপরও অনেকে সন্তানের মুখের দিকে তাকিয়ে বা সামাজিক সমালোচনা এড়াতে অসুখী সম্পর্ক টিকিয়ে রাখেন। এভাবে চলতে চলতে একদিন এমন একটা দুঃসহ পরিস্থিতি তৈরি হয় যে, যখন আর পালিয়েও বাঁচা যায় না। সে পরিস্থিতি সামলাতে না পেরে স্বামী বা স্ত্রী আত্মহত্যার পথ বেছে নেন। আবার অনেক সময় দেখা যায়, মা-বাবার অসুখী সম্পর্কের জেরে সন্তান আত্মহত্যার পথ বেছে নেয়।

পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে মা কিংবা বাবা সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন অথবা মা-সন্তান একসঙ্গে আত্মহত্যা করে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক নির্যাতন, কলহ, তালাক, শারীরিক ও মানসিক নির্যাতন, পরীক্ষা ও প্রেমে ব্যর্থতা, দারিদ্র্য, বেকারত্ব, প্রাত্যাহিক জীবনের অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং মাদক এসবের কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

ঠিক এরকম একটা পটভূমিতেই দেশে তালাকের হার বাড়ছে। তালাকের এই সংখ্যা বৃদ্ধির হার রীতিমতো ভয়াবহ। ঢাকায় ৪০ মিনিটে ১টি করে তালাক হচ্ছে। গত বছর রাজধানীতে তালাক হয়েছে প্রতিদিন ৩৭টি করে। সারাদেশেই বিবাহ বিচ্ছেদ বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে আসে। তালাকের হার পল্লি অঞ্চলে শহরের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি। শহরের ধনী ও মধ্যবিত্ত পরিবারের দম্পতিরা বিভিন্ন কারণে যে বিষাক্ত সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন, গ্রামের মানুষ সেটা করছেন না।

ঢাকার দুই সিটির মেয়রের কার্যালয়ের তথ্য বলছে, ২০২২ সালে তালাকের আবেদন জমা পড়ে মোট ১৩ হাজার ২৮৮টি। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ৬৯৮টি এবং উত্তর সিটিতে ৫ হাজার ৫৯০টি। এ হিসাবে রাজধানীতে প্রতিদিন ভেঙে যাচ্ছে প্রায় ৩৭টি দাম্পত্য সম্পর্ক, অর্থাৎ তালাকের ঘটনা ঘটছে ৪০ মিনিটে ১টি করে।

আত্মহত্যার এই প্রবণতা সমাজের নানা স্তরের মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ বলছে, দেশে বছরে প্রায় ১৩ হাজার মানুষ আত্মহত্যা করে। সংস্থাটির হিসাব অনুযায়ী, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার এই প্রবণতা বাড়ছে। আর দেশে করোনা মহামারি শুরুর পর এ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে সার্বিকভাবে মৃত্যুর ১৭তম প্রধান কারণ হলো আত্মহত্যা। যেখানে ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ আত্মহত্যা। বিশ্বে প্রতিবছর প্রায় ৭ লাখ ৩ হাজার মানুষ আত্মহত্যা করে। এ হিসাবে, প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহননের পথ বেছে নেয়।

যদিও দারিদ্র্য সরাসরি আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ত নয়, তবে এটি আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন বলছে, বিশ্বে প্রতিবছর যত মানুষ আত্মহত্যা করে তার ৭৭ শতাংশই হয়ে থাকে কম আয় ও মধ্যম আয়ের দেশগুলোতে।

পূর্ববর্তী নিবন্ধআজ আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি নেতা আমান
পরবর্তী নিবন্ধমহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা