আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল। সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় তিনি তারেক রহমানের সমালোচনা করেন।
সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানওয়াল সিবাল বলেন, ‘তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন, যেখান থেকে আর বের হতে পারবেন না।’
ভারতের এই সাবেক কূটনীতিক বলেন, ‘তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল।’কানওয়াল সিবাল আরও বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছিলেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর সেই প্রক্রিয়া ‘বিঘ্নিত’ হয়েছে বলে জানিয়েছে ঢাকা।


