নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত বছরের ঐতিহাসিক জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তরুণরাই শেষ পর্যন্ত জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোর রূপ পাল্টাবে। তারা দেশকে অতীতের বিভাজন থেকে বের করে একটি গঠনমূলক, জ্ঞানভিত্তিক ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।
তিনি বলেন, তরুণরা পথ চলতে ভুল করতেই পারে, কিন্তু সময় ও অভিজ্ঞতার সঙ্গে তারা একটি শক্তিশালী ও ন্যায্য রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। নতুন প্রজন্ম বাংলাদেশকে অতীতের রাজনৈতিক অচলাবস্থায় ফিরতে দেবে না।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতি ও ভূরাজনীতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের দৃঢ় সংকল্প আর সাহস না থাকলে আমরা আজ যে পরিবর্তন প্রত্যক্ষ করছি, তা সম্ভব হতো না। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম বাংলাদেশকে অতীতের রাজনৈতিক অচলাবস্থায় ফিরতে দেবে না।
বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তিত প্রেক্ষাপট তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, ভূরাজনীতিকে নতুনভাবে গড়ে দিচ্ছে তিনটি ঘটনা- ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা।
তিনি উল্লেখ করেন, পশ্চিমা জনমত, বিশেষত যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ইস্যুতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। এমনকি ইহুদি বুদ্ধিজীবী মহলের ভেতর থেকেও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা বাড়ছে।
দক্ষিণ এশিয়ার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, একসময় চীনকে ঠেকাতে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক এখন পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছে। তবে তিনি সতর্ক করে দেন, স্থায়ী পরিবর্তন ধরে নেওয়া উচিত নয়, কারণ ভূরাজনীতির মৌলিক বাস্তবতা বদলায়নি। যদিও ভারত, চীন ও রাশিয়াকে ঘিরে নতুন জোট নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, একুশ শতক নিশ্চিতভাবেই হবে এশিয়ার শতক। ২২ শতকে আফ্রিকা নিজের জনসংখ্যাগত সুবিধা ও সম্পদ কাজে লাগাতে পারলে তারও উত্থান ঘটবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অষ্টম বছরে গড়ানো এ সমস্যা এখন আর শুধু বাংলাদেশের নয়, আঞ্চলিক হুমকিতে পরিণত হচ্ছে। প্রায় ১০ লাখ রোহিঙ্গা যুবক-যুবতী, যাদের অনেকেই এখন কৈশোর পেরিয়ে যৌবনে প্রবেশ করেছে, চিরকাল ক্যাম্পে আটকে থাকবে এমনটা ভাবা সম্পূর্ণ নৈর্ব্যক্তিকতা।


