তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

গত ২ আগস্ট হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ আগস্ট তিনি জামিনে মুক্তি পান। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আজ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।

আবেদনটি আজ আদালতের সম্পূরক কার্যতালিকায় ওঠে।সূত্র জানায়, সন্ধ্যার দিকে চেম্বার জজ আদালতের বিশেষ অনুমতি নিয়ে আবেদনটি শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, তনু হত্যা মামলার আসামিকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে ব্যর্থ হলে তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আর যেহেতু বিশেষ অনুমতি নিয়ে আজ এই বিষয়টি শুনানি করেছি, তাই চেম্বার জজ আদালত আগামী রোববার (৯ আগস্ট) পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন।শুনানি শেষে চেম্বার আদালত হাফিজুর রহমানের জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। অন্যথায় তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।বিজ্ঞাপন

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংকের ‘ইকোনমিক আউটলুক ২০২৬’ উন্মোচন