ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান রাখতে পারবেন কর্তৃপক্ষ।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষায় প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এসব শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। আগামী ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু করছে। ফলে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। এতে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিটকারী আইনজীবী আরও বলেন, সরকার শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু সংশোধিত ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে ওই সুযোগ কার্যত অর্থহীন হয়ে পড়বে। কারণ, ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে এসব শিক্ষার্থীকে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবে এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে।

তিনি জানান, আদালত ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখতে বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধএকনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধবরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব