ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল শুরু করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। আগামী ২৩ জানুয়ারি বিষয়টি চূড়ান্ত করা হবে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার থেকে ‘ঘ’ ইউনিটের আলাদা কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আগামী ২৯ মে থেকে ভর্তি পরীক্ষা শুরুর একটা সুপারিশ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এবার ভর্তি করবো আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে। যেটা আগে হত সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন রানী রায়
পরবর্তী নিবন্ধপাঠানের আসল ভিলেন দীপিকা পাড়ুকোন!