জাসদ কার্যালয়ে আটকদের ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগ এনেছে পুলিশ।

আটক অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ২৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, মো. দিনারুল আলম (৫০), ইমান আহম্মেদ (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মণ্ডল (৫৫), আবদুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লার সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের জামিন শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে ২৭ জনকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে, এমন অভিযোগ তুলে তারা পুলিশকে খবর দেন। পরে পল্টন থানা পুলিশ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে আটক করে থানায় নেওয়া হয়। একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতর থেকে লোকজনকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়।

পুলিশ তখন জানিয়েছিল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানিয়েছিলেন, জাসদ এবং তাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছেন, এমন তথ্য পুলিশের কাছে ছিল। এ সময় তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনবো
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি