বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।সেই সঙ্গে তার অগ্রাধিকারে থাকবে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা জোরদার, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার সুরক্ষা ও প্রযুক্তিগত রূপান্তরের সুফল সবার কাছে পৌঁছে দেওয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।দায়িত্ব গ্রহণের ভাষণে খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বে জাতিসংঘের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। সংঘাত অব্যাহত রয়েছে, উন্নয়ন অর্জন দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। এ অবস্থায় জাতিসংঘকে শুধু রক্ষা নয়, বরং আরও কার্যকর ও মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: এ ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল’। অর্থাৎ, আস্থা পুনরুদ্ধার ও পরিবর্তন ব্যবস্থাপনার মাধ্যমে সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে।নতুন সভাপতি বলেন, জাতিসংঘের প্রতি আস্থা শুধু বক্তব্য বা প্রতিশ্রুতির মাধ্যমে ফিরবে না; প্রতিদিনের কাজ, সিদ্ধান্ত, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মানুষের জন্য দৃশ্যমান ফলাফলের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে হবে।


