নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চার প্লাটুন বিজিবি।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এ হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।


