গোপালগঞ্জের মুকসুদপুর থানা ভাঙচুর – অগ্নিসংযোগ 

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভিতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি। এ বিষয়ে জানতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধচব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : প্রধানমন্ত্রী