একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমি রাষ্ট্রপতির বক্তব্য শুনিনি, পড়িওনি। তাকে বক্তব্য দেওয়ার সুযোগকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম, রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতার করা প্রয়োজন। রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতির ‘কুকীর্তি’ তুলে ধরার কথা জানিয়ে নাহিদ বলেন, তাকে তিনটি লক্ষ্য দিয়ে দুদকের কমিশনার করা হয়। এর এক নম্বর হচ্ছে, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নিশ্চিত করা। দুই নম্বর হচ্ছে, পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিনশিট দেওয়া। তিন নম্বর হচ্ছে, ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের সময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা বাতিল করা। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে- তা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার কারিগর। এস আলম দুই কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। জুলাই গণহত্যার সময় তার (রাষ্ট্রপতি) ভূমিকা, ফ্যাসিবাদের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, একজন দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তখনকার পরিস্থিতি ও বর্তমান সময় এক নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সামনে দুটি বিকল্প ছিল। একটি ছিল জাতীয় সরকার গঠন, আরেকটি ছিল ক্ষমতা সেনাবাহিনীর হাতে ছেড়ে দেওয়া।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সরকার গঠনের প্রস্তাব আমরা দিয়েছিলেন, তবে তা বিএনপি নাকচ করে দেয়। একই সঙ্গে সেনাবাহিনীর হাতে ক্ষমতা গেলে আজ যারা সরকারে আছেন, তারা সেখানে থাকতে পারতেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

সাবেক এ উপদেষ্টা বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা সে সময় সরকারে গিয়েছিলেন। এখন নির্বাচিত সরকার। চাইলে বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপিতে সে ধরনের যোগ্য ও আস্থাভাজন লোক রয়েছে। গাধাকে দিয়ে হাল চাষ করিয়ে কোনো ‘বাহাদুরি নেই’, এটা সরকারের দেউলিয়াত্ব।

পূর্ববর্তী নিবন্ধইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘প্রকৃত ব্যয়’ ৪০-৫০ বিলিয়ন ডলার: সিএনএন রিপোর্ট
পরবর্তী নিবন্ধপুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি