উন্নয়নের প্রধান বাধা মাদক : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাদককে উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে।

সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ পেলে তরুণেরাই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

দেশপ্রেমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি চিন্তা ও কাজের শুরুতেই থাকতে হবে দেশ।
মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় পরিচালিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে নানা কর্মসূচি অব্যাহত রেখেছেন।

শিশু-কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হয়েছে।
সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তার মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখে।

দুই দিনব্যাপী এই কারাতে প্রতিযোগিতায় ৫৯টি ইভেন্টে দেশের ৭৯টি দলের প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী, সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম। এ সময় ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী