অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নিয়ে সমালোচনা অনেক দিন ধরেই চলছে। এবার সেই সমালোচনার সঙ্গে যুক্ত হচ্ছে বাণিজ্যিক পদক্ষেপ। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১২ দেশ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ অবস্থানের কথা জানান। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।
যৌথ বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক আইনে অবৈধ বলে ধরা হয় এমন ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্যে নিজ নিজ দেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে এ ধরনের বিধিনিষেধ আরোপের উদ্যোগেও সমর্থন দেবেন তারা।এর মধ্যে যুক্তরাজ্য সরাসরি আমদানি নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। ফ্রান্স ও কানাডাও একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন ইসরায়েলি বসতির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপ নেওয়ার উদ্যোগকে সমর্থন জানিয়েছে।


