ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার (২০ জুন) ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান
নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। বৃহস্পতিবার আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।

এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি-এর স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মেদ কাজেমি।

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সরকার ইরানের চলমান নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এক বিবৃতিতে তিনি জানান, “অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও, তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “আমরা ইরান ছাড়তে আগ্রহী অস্ট্রেলীয় নাগরিকদের সহযোগিতা করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না
ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর একথা জানানো হয়েছে। শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর মধ্যে বৈঠকের পর উভয় দেশ একমত হয়েছে যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

ল্যামি বৈঠক শেষে বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা “অত্যন্ত সংকটজনক” এবং তারা দীর্ঘমেয়াদে ইরানের পরমাণু ইস্যুর একটি কূটনৈতিক সমাধান কীভাবে আনা যায়, সে বিষয়েও আলোচনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইরান থেকে নিজ দেশে চলে যাচ্ছেন হাজারো আফগান
পরবর্তী নিবন্ধহজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫