ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে, তখন তার পাশে দাঁড়ালেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন কিংবদন্তি। ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা কাফু ও রবার্তো কার্লোসের সঙ্গে আর্জেন্টিনার কিংবদন্তি হ্যাভিয়ের জানেত্তিও প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন।দক্ষিণ আমেরিকার আরও কয়েকজন সাবেক তারকাও একই অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার এস্তেবান ক্যাম্বিয়াসো ও হ্যাভিয়ের পাস্তোরে। ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে তারা প্রায় একই ভাষায় একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। তবে বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা সামনে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।পরবর্তীতে ব্যাপক বিরোধিতার কারণে সেই পরিকল্পনা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তাতেও থামেনি ইনফান্তিনোবিরোধী চাপ। উয়েফা, এএফসি ও কনকাকাফসহ বিভিন্ন কনফেডারেশন এবং একাধিক দেশের ফুটবল কর্তৃপক্ষ তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। সাবেক বেশ কয়েকজন তারকাও তার পদত্যাগ দাবি করেছেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার ফুটবল কিংবদন্তিদের সমর্থন ইনফান্তিনোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


