আপনারা বিশ্ববিদ্যালয়টি দেখে রাখবেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের মাধ্যমে সেই দাবি পূরণ হয়েছে। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ঠাকুরগাঁওয়ের জনগণের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়টি দেখে রাখবেন, খেয়াল রাখবেন। আপনাদের আন্তরিকতার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারাই প্রধানমন্ত্রীর কাছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রেখেছিলেন।

সেই দাবি আজ বাস্তবায়িত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি বলেন, আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

অল্প সময়ের মধ্যে তার নির্দেশনায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যেখানে আমরা এখন জায়গা পেয়েছি, সেখানে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, এই জায়গা শিল্প মন্ত্রণালয়ের কাছ থেকে নেওয়া হবে। একই সঙ্গে ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় জমি নেওয়া হবে।

এ জন্য শিল্প মন্ত্রণালয় ও সুগার মিল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ যারা এখানে এসেছেন, তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা অতি অল্প সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকল্পনা ও অবকাঠামোর কাঠামো তৈরি হবে। এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে