৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, নিয়োগ পাবেন ৩ হাজার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। শুধুমাত্র ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ প্রার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে লড়ছেন প্রায় ১৪ জন প্রার্থী।

কেন্দ্র ও আসনবিন্যাস দেখে প্রার্থীদের ‘যথেষ্ট সময়’ হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এদিকে, লিখিত পরীক্ষা সামনে রেখে প্রার্থীদের জন্য বিশেষ তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রার্থীদের এসব নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে পিএসসি।

পিএসসির তিন নির্দেশনা
১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের শুধুমাত্র প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধসামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে নতুন দূত আরিফুল ইসলাম, জেনেভায় নাহিদা সোবহান
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত