৩ দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়া, এভারকেয়ারেই চিকিৎসা চলবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা এখানে (হাসপাতালে) করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। এ ছাড়া তারেক রহমানও সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনা ও মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে পরে কখন তাকে বিদেশ নেওয়া হবে তা জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, চিকিৎসা দেওয়া দায়িত্ব চিকিৎসকদের। তারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ভালো করার মালিক আল্লাহ। আপনার সবাই উনার জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধআয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অবস্থা এখন নেই : মির্জা ফখরুল