২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পূণ্যভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ পূর্ণ হচ্ছে সিলেটবাসীর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।

আজ বুধবার রাতেই বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বলে জানিয়েছে সিলেট বিএনপি। পরদিন বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

সিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে। তবে পুরো সফরসূচি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তবে আর কে কে সফরসঙ্গীর তালিকায় যুক্ত হচ্ছেন সেটি এখনও নিশ্চিত নয় দলটির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

এদিকে তারেক রহমানের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এরই মধ্যে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য একটি নিরাপত্তার ছক তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তারেক রহমানের সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার একটি ছক তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এরই মধ্যে সাদা পোষাকে পুলিশ কাজ শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি