নুর উদ্দিন, সুনামগঞ্জ :

ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন যারা বিগত দিনে সাধারণ মানুষের আহার কেড়ে নিয়েছিল । প্রকৃত জেলেদের নানা ভাবে বঞ্চিত করেছিল। তাদের বাদ দিয়ে ভিন্ন পেশার বড় বড় টাকা ওয়ালারা জলমহাল ইজারা নিয়েছিল। আমরা তার অবসান চাই। আমরা চাই যারা হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। যারা প্রকৃত জেলে বা মৎস্যজীবি তাদের জলমহাল ইজারা দিতে।
আর এ জন্যই হাওরাঞ্চলের একদম কাছে এসে তাদের মতামতের ভিত্তিতেই সরকারী জলমহাল আইন ২০২৬ এর চূড়ান্ত করন করতে আজকের এই কর্মশালা। আমরা যে খসড়া প্রনয়ন করেছি তার বাইরেও আপনাদের পরামর্শ নিয়ে একটি সুন্দর ও কার্যকর নীতিমালা তৈরি করতে চায় এ সরকার। শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারী জলমহাল আইন ২০২৬ এর খসড়া চূড়ান্ত করন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আরও বক্তব্য রাখেন ভূমি সংস্কার আপীল বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী, সিলেট বিভাগের কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী। এছাড়াও সিলেট বিভাগের জেলে ও মৎস্যজীবীদের মতামত তোলে ধরা হয়।


