স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শপথ পড়ান রাষ্ট্রপতি।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন/ছবি সংগৃহীত

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদক বীর বিক্রম লাভ করেন। তরুণ বয়সে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে পরপর তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে পরিচিতি পান।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে বিজয়ী হন। ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯৬ সালের নির্বাচনেও দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

৮১ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং এবার সপ্তমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
পরবর্তী নিবন্ধদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো: প্রধানমন্ত্রী