সকালে নরসিংদী, সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়

নিউজ ডেস্ক

আট ঘণ্টার ব্যবধানে ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩ দশমিক ৭ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়। ভূমিকম্পের শ্রেণি মৃদু।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি ৩ দশমিক ৭ মাত্রার। এর উৎপত্তিস্থল ঢাকা রিজিওনের বাড্ডা এলাকায়।

অন্যদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগণভোটের আইন পাস হলেই কাজ শুরু: সিইসি